Breaking News

বাংলাদেশ মিশনে হামলার হুমকি :তালেবানের কাদের মোল্লার ফাঁসি ঢাকার অভ্যন্তরীণ ব্যাপার: সারতাজ

পাকিস্তানের প্রধানমন্ত্রীর জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা সারতাজ আজিজ বলেছেন, কাদের মোল্লার ফাঁসি বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপার। তবে তিনি এ কথাও বলেন, জাতীয় পরিষদ স্বাধীন এবং যেকোনো বিষয়ের ওপর প্রস্তাব গ্রহণের ক্ষমতা তার রয়েছে। গত বুধবার তিনি পাকিস্তানের সিনেটে এ মন্তব্য করেন।সারতাজ আজিজ আরও বলেন, প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে ‘অন্য দেশের ব্যাপারে হস্তক্ষেপ নয় এবং কারও প্রতি পক্ষপাত নয়’—এই মূলনীতির ভিত্তিতেই গড়ে উঠেছে পাকিস্তানের পররাষ্ট্রনীতি। তিনি বলেন, পাকিস্তানের বন্ধুপ্রতিম দেশ বাংলাদেশ। ১৯৭১ সালের পর অতীতের ঘটনা ভুলে যাওয়ার ব্যাপারে দুই দেশ সম্মত হয়েছে।
কাদের মোল্লার ফাঁসি কার্যকর হওয়ায় গত সোমবার পাকিস্তানের জাতীয় পরিষদ উদ্বেগ প্রকাশ করে একটি প্রস্তাব গ্রহণ করে। এর দুই দিন পর সারতাজ আজিজ এ মন্তব্য করলেন।
এদিকে পাকিস্তানের নিষিদ্ধ জঙ্গি সংগঠন তেহরিক-ই-তালেবান (টিপিপি) ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনে হামলার হুমকি দিয়েছে। পাকিস্তানের ইংরেজি দৈনিক দ্য নেশন জানিয়েছে, জামায়াতে ইসলামীর নেতা আবদুল কাদের মোল্লার ফাঁসি কার্যকরে ক্ষুব্ধ হয়ে টিপিপি হামলার পরিকল্পনা করছে। ঢাকা ও ইসলামাবাদের কূটনৈতিক সূত্রগুলো গতকাল প্রথম আলোকে জানিয়েছে, তালেবানের হুমকির পর ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশন ও করাচিতে বাংলাদেশ উপহাইকমিশনের নিরাপত্তা জোরদার করা হয়েছে।
তবে হামলার হুমকির ব্যাপারে জঙ্গি সংগঠনটি ফোনে বা ই-মেইলে সরাসরি কিছু জানায়নি। নেশন-এর প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ মিশনে নিরাপত্তা জোরদার করা হলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সন্ত্রাসী হামলার আশঙ্কা করছে। পাকিস্তানের গোয়েন্দা সংস্থাগুলো টিপিপির বিষয়ে সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটি প্রতিবেদন জমা দিয়েছে। এতে বলা হয়েছে, জামায়াতে ইসলামীর নেতা কাদের মোল্লার ফাঁসি কার্যকর হওয়ায় জঙ্গি সংগঠনটি বাংলাদেশ সরকারের ওপর ক্ষুব্ধ হয়ে উঠেছে। এই ক্ষোভের কারণে তারা বাংলাদেশ মিশনে হামলা চালাতে পারে।
তবে কূটনৈতিক পর্যবেক্ষকদের মতে, ফাঁসি-পরবর্তী ঘটনাকে কেন্দ্র করে সৃষ্ট ঘটনার প্রেক্ষাপটে সংবেদনশীলতা তৈরির জন্য হুমকির বিষয়টি আসতে পারে। কারণ, পাকিস্তানে সক্রিয় কিংবা নিষিদ্ধ জঙ্গি সংগঠনগুলোকে আগেভাগে জানান দিয়ে কোথাও হামলা করতে দেখা যায় না।

No comments