Breaking News

শেষ ইচ্ছা পূরণ হয়নি মোল্লার

একাত্তরের মানবতাবিরোধী অপরাধে ফাঁসি হওয়া জামায়াত নেতা আব্দুল কাদের মোল্লার শেষ ইচ্ছা পূরণ হয়নি।

বৃহস্পতিবার রাত ১০টা ১ মিনিটে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বহু নাটকীয়তার পর ফাঁসিতে ঝুলানো হয় মোল্লাকে। তবে ফাঁসির আগে তিনি সর্বশেষ তার আইনজীবীদের সঙ্গে দেখা করতে চেয়েছিলেন। কিন্তু কারা কর্তৃপক্ষ তাদের দেখা করতে দেয়নি।

রাত সাড়ে ৮টায় নিজস্ব পিয়নযোগে কাদের মোল্লার সঙ্গে দেখা করার অনুমতি চেয়ে ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র সুপারিনটেন্ডেন্টের কাছে আবেদন করেন আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট তাজুল ইসলাম। চিঠিতে লেখা হয়-

রবারব,
সিনিয়র জেলা সুপার
ঢাকা কেন্দ্রীয় কারাগার, ঢাকা।

জনাব,
আমাদের মক্কেল আব্দুল কাদের মোল্লা আপনার কারাগারে অন্তরীণ আছেন। আজ সন্ধ্যা ৭টার সময় তার পরিবার তার সঙ্গে সাক্ষাৎ করেছেন। তাদের মারফতে আমরা জানতে পারলাম তিনি তার আইনজীবীদের সঙ্গে দেখা করতে চান। তার ইচ্ছা অনুযায়ী আমরা নিম্নলিখিত আইনজীবীগণ আজ রাতে অথবা আগামীকাল তার সাথে দেখা করতে চাই।

ব্যারিষ্টার আব্দুর রাজ্জাক, এ্যাড. তাজুল ইসলাম, এ্যাড. মতিউর রহমান আখন্দ, এ্যাড. শিশির মোহাম্মদ মনির ও ব্যারিষ্টার নাজির মোমেন।

অতএব, আমাদের আবেদন বিবেচনা করে তার সাথে সাক্ষাতের অনুমতি দানে আপনার মর্জি হয়।

নিবেদক
এ্যাড. তাজুল ইসলাম

তবে রাত ৯টার কিছুক্ষণ পর কারাগারের অনুসন্ধানের দায়িত্বে থাকা সুবেদার লাল মিয়া কেন্দ্রীয় কারাগারের তত্ত্বাবধায়ক ফরমান আলীর বরাত দিয়ে কাদের মোল্লার আইনজীবীদের জানান, এখন আর দেখা করার সময় নেই।

তবে এর আগে আবেদন করে কাদের মোল্লার পরিবারের সদস্যরা তার সঙ্গে দেখা করেন।

এদিকে কারা সূত্রে জানা গেছে, ফাঁসির আগে কাদের মোল্লা সম্পূর্ণ স্বাভাবিক ছিলেন।

No comments