Breaking News

বিশ্বজিৎ হত্যা মামলার রায় :৮ আসামীর মৃত্যুদণ্ড

চাঞ্চল্যকর বিশ্বজিৎ হত্যা মামলায় ৮ জনকে ফাঁসি এবং ১৩জনের যাজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত।

বুধবার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪-এর বিচারক এ বি এম নিজামুল হক দুপুর ১২টায় রায় ঘোষণা করেন। গত ৪ ডিসেম্বর মামলার যুক্তিতর্ক শুনানি শেষ হয়।

এরআগে রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে গত ৪ ডিসেম্বর ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪ এর বিচারক এ বি এম নিজামুল হক রায়ের জন্য আজকের এই দিন ধার্য করেন।


মামলাটি দ্রুত নিষ্পত্তির জন্য এ বছর অভিযোগপত্র দেওয়ার পর দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠানো হয়। পরে ২১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। এদের মধ্যে ১৩ আসামিকে গ্রেপ্তার করা যায়নি। বাইরে থেকে তারা নিহতের স্বজনদের বিভিন্ন সময়ে হুমকিও দিয়ে আসছে বলে অভিযোগ রয়েছে।

কারাগারে থাকা আসামিরা হলো- রফিকুল ইসলাম শাকিল, মাহফুজুর রহমান নাহিদ, এমদাদুল হক এমদাদ, জি এম রাশেদুজ্জামান শাওন, এ এইচ এম কিবরিয়া, সাইফুল ইসলাম, কাইয়ুম মিঞা টিপু ও গোলাম মোস্তফা।

পলাতকরা হলো- রাজন তালুকদার, খন্দকার মো. ইউনুস আলী, তারিক বিন জোহর তমাল, আজিজুর রহমান আজিজ, মীর মো. নূরে আলম লিমন, ওবায়দুর কাদের তাহসিন, আলাউদ্দিন, রফিকুল ইসলাম, ইমরান হোসেন ইমরান, আল-আমিন শেখ, কামরুল হাসান, মনিরুল হক পাভেল ও মোশারফ হোসেন।


উল্লেখ্য, গত বছরের ৯ ডিসেম্বর বিরোধী দলের অবরোধ কর্মসূচি চলাকালে বাহাদুর শাহ পার্কের সামনে পথচারী বিশ্বজিৎ দাসকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা বাংলাদেশ ছাত্রলীগের কর্মীরা নির্মমভাবে কুপিয়ে  হত্যা করে।

No comments